পাহাড়ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা সৃষ্টি ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারে তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নগরের হোটেল রেডিসন ব্লুতে ‘আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপদান’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এ সংলাপের আয়োজন করে।
ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম নয়, আগাম প্রস্তুতি ও সতর্কতাও সমান গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকদের কার্যক্রম স্থানীয় সরকারের নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নগরবাসী ও তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সংলাপে চট্টগ্রাম নগরের জন্য সমন্বিত ডিজিটাল স্বেচ্ছাসেবক তথ্যভান্ডার তৈরির প্রস্তাব দেওয়া হয়। এতে স্বেচ্ছাসেবকদের অবস্থান, যোগাযোগের তথ্য ও দক্ষতার বিবরণ সংরক্ষণের মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত তাঁদের কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া মেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম ও বাঁশখালী উপজেলার ১০৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ স্বেচ্ছাসেবকের মধ্যে সনদ ও পরিচয়পত্র বিতরণ করা হয়।
সংলাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিনাক্ষী, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপক জাবেদ মিয়াদাঁদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক ও তরুণ স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু স্বাগত বক্তব্য দেন। প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন জাবেদ মিয়াদাঁদ। দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার।
সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায়, জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইপসা। চট্টগ্রাম সিটি করপোরেশন ও বাঁশখালী উপজেলায় স্থানীয় জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠানগুলোর দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি বাড়াতে প্রকল্পটির কার্যক্রম চলছে।

