দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। নতুন পোশাক কিনতে বিপণিবিতান, ফ্যাশন হাউস ও কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে কেনাকাটা চললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়ছে ভিড়। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি থেকে শুরু করে শিশুদের পোশাক—সবকিছুতেই রয়েছে ক্রেতাদের আগ্রহ।
শনিবার দেওয়ানজী পুকুর পাড়ের অর্ণব, চকবাজারের গুলজার টাওয়ার, মতি টাওয়ার, মতি কমপ্লেক্স, বালি আর্কেড, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, নিউমার্কেট ও টেরিবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন বয়সী ক্রেতাদের উপস্থিতি থাকলেও নারীদের ভিড় ছিল বেশি। বিশেষ করে দেওয়ানজী পুকুর পাড়ের অর্ণবে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পূজার পোশাকের ক্ষেত্রে লাল-সাদার পাশাপাশি উজ্জ্বল রঙের পোশাকের প্রতিও আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই পছন্দের কাপড় কিনে আগেভাগে সেলাই করতে দিয়েছেন। কেউ মার্কেটে ঘুরে পোশাক কিনছেন, কেউ বেছে নিচ্ছেন ফুটপাতের দোকান। আবার অনেকে অনলাইনেও পছন্দের পোশাক সংগ্রহ করছেন।
মুরাদপুর থেকে স্বামীর সঙ্গে অর্ণবে কেনাকাটা করতে আসা রিমা চক্রবর্তী বলেন, ‘মা দুর্গাকে বরণ করতে লাল-সাদার সনাতনী সাজ অবশ্যই থাকা চাই। সে অনুযায়ীই আমি লাল পাড়ের সাদা জামদানি শাড়ি কিনতে এখানে এসেছি। এ ছাড়া এক ছাদের নিচে সবকিছুই এখানে পাওয়া যায়।’
পূজার পোশাকের সংগ্রহ সাজিয়ে রেখেছে নগরের বিভিন্ন ফ্যাশন হাউসও। অঞ্জনস, শৈল্পিক, বাঙালি বাবু, জেন্টলম্যান, দেশাল, বিবিয়ানা, ক্রাফট ও দেশী দশের শোরুমে রয়েছে লাল-সাদাসহ বিভিন্ন উজ্জ্বল রঙের সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া ও ওড়না। ছেলেদের জন্য রয়েছে নানা নকশার পাঞ্জাবি ও ধুতি।
কাপড়ের জন্য পরিচিত টেরিবাজারেও রয়েছে দেশি-বিদেশি পোশাকের বড় সংগ্রহ। সেখানকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে বোম্বের লেহেঙ্গা, গুজরাটের পার্টি শাড়ি, দেশি ও ভারতীয় জামদানি, গরদ ও জারদৌসি শাড়ি এবং বিভিন্ন নকশার থ্রি-পিসসহ নানা ধরনের কাপড়।
সদরঘাট থেকে মা-বাবাকে নিয়ে টেরিবাজারে কেনাকাটা করতে আসা সুমী চৌধুরী বলেন, ‘তিনটি জামা আগেই সেলাই করতে দিয়েছি। দশমীর জন্য লাল-সাদা গরদ শাড়ি নিতে এখানে এসেছি। এখানকার কালেকশন ভালো। এ ছাড়া মায়ের জন্যও একটি শাড়ি কিনব। বাবার জন্য পাঞ্জাবি নিউমার্কেট থেকে কিনেছি।’
দুই নম্বর গেট থেকে সন্তানকে নিয়ে চকবাজারে আসা অঞ্জন দাশ বলেন, ‘বাচ্চাদের কেনাকাটা শেষ। এবার নিজেদের জন্য কাপড় কিনতে এসেছি।’
টেরিবাজারের ব্যবসায়ীরা জানান, পূজার কেনাকাটা শেষ সময়ে এসে জমে উঠেছে। সকালে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম থাকলেও বিকেল থেকে রাত পর্যন্ত তা বাড়ছে। বিক্রিও মোটামুটি ভালো। পূজার আগে কেনাকাটা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘দুর্গাপূজাকে সামনে রেখে মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত জমজমাট থাকে। বিক্রিও মোটামুটি ভালো। দু-এক দিন পর বিক্রি আরও বাড়বে বলে আশা করছি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মার্কেটে সব ধরনের নতুন নকশার কাপড় রাখা হয়েছে।’
তবে টেরিবাজারে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে অসুবিধার কথা জানিয়েছেন ব্যবসায়ী সমিতির এই নেতা। তিনি বলেন, এসব রিকশার কারণে ক্রেতাদের হাঁটাচলায় সমস্যা হচ্ছে, দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি লিখিতভাবে ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন তাঁরা।

