কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তারা।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাটে এ কর্মসূচি পালন করা হয়।
‘জনসাধারণ, উখিয়া-টেকনাফ’ ও ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় দাবিসংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও রাজনৈতিক দলের নেতারা।
বক্তারা বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালু হলে দ্বীপের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।
তারা বলেন, দ্বীপের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের বিকাশে দমদমিয়া জাহাজঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে নৌরুটটি চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সরকারি বিধিনিষেধ অনুসরণ করে নৌরুটে জাহাজ চলাচল চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

