সুপ্রভাত ডেস্ক>> চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশা থামিয়ে এক যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পরও থামেনি দুই ছিনতাইকারী। পকেটে থাকা জিনিস বের করতে না পেরে একপর্যায়ে ছুরি দিয়ে ওই যাত্রীর প্যান্টের পকেট কাটার চেষ্টা করে তারা।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। ভিডিওটি পর্যালোচনা করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে।
ভিডিওতে দেখা যায়, রিকশায় থাকা এক যাত্রীর দুই পাশে দাঁড়িয়ে আছে দুই ব্যক্তি। একজন তাঁর প্যান্টের ডান পকেট থেকে কিছু বের করার চেষ্টা করছেন। অন্যজন হাতে ছুরি নিয়ে যাত্রীর দিকে তাক করে আছেন।
জিনিসটি বের করতে না পেরে একপর্যায়ে পকেট কাটতে শুরু করেন একজন। এর আগে যাত্রী নড়াচড়া করলে তাঁর বাঁ পায়েও ছুরি দিয়ে আঘাত করতে দেখা যায় তাঁকে। এ সময় যাত্রীকে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’
এর মধ্যে আশপাশের ভবন থেকে কয়েকজন চিৎকার শুরু করলে দুই ব্যক্তি দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে চলে যান।
স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঘটনাটি শনিবার ভোরে ঘটেছে। তবে পুলিশ বলছে, ঘটনার সময় সম্পর্কে তারা নিশ্চিত নয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেননি।
তিনি বলেন, ঘটনা জানার পর ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

