চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক ও সিটিআরএনের প্রধান পরামর্শক সাংবাদিক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)। একই সঙ্গে ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত বগার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারধর, পুলিশে হামলা, পাহাড় কাটা এবং জমি দখল-পালটাদখলসহ নানা অভিযোগ রয়েছে। পাহাড়তলী কলেজের প্রভাষক মিজানুর রহমান চৌধুরীকে তুলে নিয়ে মারধর, ওয়্যারলেস তালতলায় কিশোর হৃদয় হত্যাকাণ্ড এবং জালালাবাদ এলাকায় তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সব মিলিয়ে বগার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিটিআরএনের নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে ভয়ভীতি দেখানো শুধু একজন ব্যক্তিকে হুমকি দেওয়া নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।
তারা বলেন, সত্য তুলে ধরার দায়িত্ব পালনকারী সাংবাদিককে হুমকির মুখে ফেলার অর্থ পুরো গণমাধ্যমকে নীরব করার চেষ্টা। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার দিন শেষ। সাংবাদিকরা জনগণের কাছে দায়বদ্ধ। সত্য প্রকাশের দায়িত্ব থেকে কোনো ভয়ভীতি তাদের সরাতে পারবে না।
বিবৃতিতে হুমকির ঘটনাটি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সিনিয়র সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সিটিআরএন।
বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ এবং সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, তামিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন স্বাক্ষর করেন।

