সুপ্রভাত ডেস্ক>> মিয়ানমারে পাচারের আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে একটি ট্রাকভর্তি বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকটিতে থাকা তিনজনকে আটক করা হয়েছে।
জব্দ করা ওষুধের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। তবে ওষুধগুলো মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হবে বলে জানিয়েছে বিজিবি।
রোববার রাত পৌনে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায়।
বিজিবির সদস্যরা সেখানে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এ সময় ট্রাকটি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। পরে পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. হারুন মিয়া (২৬), নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং উখিয়ার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য পাচার হতে না পারে, সে জন্য বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ওষুধ ও অন্যান্য মালামালের তালিকা তৈরি ও যাচাই-বাছাই চলছে। এরপর তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

