কারখানার ভেতরে বিদ্যুতের তার চুরি করতে গিয়েছিলেন ২৪ বছর বয়সী মো. সাইমুন ইসলাম। তবে তার চুরি করে আর ফেরা হয়নি তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
শনিবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত সাইমুন বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শুকলাল হাটের ভায়েরখীল এলাকার বাসিন্দা মো. লোকমানের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সাইমুন বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

