নিজস্ব প্রতিবেদক >>
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের মধ্যে তর্ক হবে বিতর্ক হবে এর মাধ্যমে আমরা যুক্তিবাদ সমাজ গড়ে তুলবো। কিন্ত কোনো হিংসা বিদ্বেষ থাকবেনা। গড়ে উঠবে যুক্তির শহর।
শুক্রবার (২ অক্টোবর) নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও সুন্দরভাবে মত প্রকাশের ওপর গুরুত্ব দিতে হবে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে।
রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এবারের প্রতিযোগিতাটি সংগঠনটির ৩১তম আন্তঃস্কুল ও ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে চট্টগ্রাম মহানগরের ৩২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিতর্ক ক্লাব এতে অংশ নিচ্ছে। গত ১৬ বছর ধরে এ আয়োজনের সঙ্গে রয়েছে রবি।
দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, ধারাবাহিক এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বগুণ ও সাবলীলভাবে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও যুক্তিবোধের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দৃষ্টি চট্টগ্রামের দীর্ঘদিনের বিতর্ক কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশনাও ছিল অনুষ্ঠানে।
প্রতিযোগিতার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক জানান, আগামী ৯ অক্টোবর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হবে।
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও গীতিকার আসিফ ইকবাল, রবি আজিয়াটা পিএলসির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলামসহ আয়োজকেরা উপস্থিত ছিলেন।

