সুপ্রভাত ডেস্ক >>
সময় টেলিভিশনের স্টাফ প্রতিবেদক মেহেদী হাসান কামরুল ও ক্যামেরাপার্সন সিফাত শাহরিয়ারের ওপর ঢাকায় হকারদের হামলার প্রতিবাদ ও তীব্র ঘৃণা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মেহেদী হাসান কামরুল এবং সিফাত শাহরিয়ারের ওপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ
বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কোনোভাবেই হামলা, ভয়ভীতি বা সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না।
সিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সব দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে আহত সাংবাদিক মেহেদী হাসান কামরুল ও ক্যামেরাপারসন সিফাত শাহরিয়ারের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তথ্যমতে, ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হকারদের হামলায় উল্লেখিতরা আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় এ সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়।

