টেকনাফ প্রতিনিধি >>
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। একজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপর শিশুকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকার মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশান ও আরজিন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে নিখোঁজ হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও জেলেরা ঘটনাস্থলে ছুটে এসে নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
দীর্ঘ প্রায় চার ঘণ্টার তল্লাশির পর দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর শিশু নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরীরদ্বীপের বাসিন্দা মো. ইয়াহিয়া করিম বলেন, সকালে নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। স্থানীয় বাসিন্দা ও জেলেরা তাদের উদ্ধারে তল্লাশি চালান। একপর্যায়ে দুজনকেই উদ্ধার করা সম্ভব হলেও আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব নাথ দুই শিশুর নিখোঁজ ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধার করা হয়। আরজিন ঘটনাস্থলেই মারা যায় এবং নিশানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নাফ নদী থেকে উদ্ধার করা নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পান করায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

