কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ি এলাকায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তার পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। মাদক আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়ার পাহাড়ি এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মোক্তার। তিনি হোয়াইক্যং ইউনিয়নের তৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন একই এলাকার ইলিয়াছ ও আলি আহমদ।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে পাহাড়ের দুর্গম এলাকায় তিনজনকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মুক্তারের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ইলিয়াছ ও আলি আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা বলছেন, পাহাড়ি এলাকায় মাদক আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে কীভাবে তাদের ওপর হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, সকালে পানখালী ভিলেজার পাড়ার পাহাড়ি এলাকায় একজনের মরদেহ ও দুজনকে আহত অবস্থায় পাওয়ার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে সাধারণ মানুষের যাতায়াত কম। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আহত দুজনকেও উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটি হত্যাকাণ্ড, নাকি পাহাড়ে সক্রিয় কোনো অপরাধী চক্রের কাজ, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

