নিজস্ব প্রতিবেদক >>
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আয়োজন ‘দ্রোহের মিনার (সিজন-২)’। গান, গীতিকাব্য, কাওয়ালী, দেশাত্মবোধক গান ও নাটিকার মধ্য দিয়ে জুলাইয়ের দ্রোহের চেতনা এবং সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন শিল্পীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জুলাই আন্দোলনের অন্যতম শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা অনুষ্ঠানের উদ্বোধন করেন। পারাবারের পরিচালক ইরফান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) চেয়ারম্যান নূরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, বর্তমান নির্বাহী পরিচালক জাকির হোসাইন, উপদেষ্টা শামীম উদ্দিন, পারাবারের চেয়ারম্যান মাইমুনুল ইসলাম মামুন, পানজেরী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মোমিনুল হকসহ পারাবারের সাবেক পরিচালক ও চেয়ারম্যানরা।
অনুষ্ঠানে শিল্পীরা হামদ, নাত, গীতিকাব্য, কৌতুকাভিনয়, দেশাত্মবোধক গান ও কাওয়ালী পরিবেশন করেন। পাশাপাশি দেশের সমসাময়িক পরিস্থিতির ওপর একটি রম্য নাটিকা পরিবেশন করা হয়। নাটিকাটি রচনা করেন শাহরিয়ার অনির্বাণ এবং নির্দেশনা দেন হোসনে মুরাদ তারিফ।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণকে কেন্দ্র করে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দ্রোহ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয়। শহীদ ফয়সাল আহমেদ শান্তর মায়ের উপস্থিতিও অনুষ্ঠানে বিশেষ আবহ তৈরি করে।
শিল্পীদের পরিবেশনা ও দর্শক-অতিথিদের উপস্থিতিতে পুরো মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় দর্শকদের অংশগ্রহণে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।

