চট্টগ্রামে আদালতে মামলার শুনানির সময় এজলাসের সামনে বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
সোমবার রাতে নগরের বায়েজিদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইলিয়াস হোসেন নগরের পাঁচলাইশ থানাধীন হাদু মাঝিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে।
মঙ্গলবার সকালে এসআরবি-৭-এর মুখপাত্র ও সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সিডিএমএসের তথ্য পর্যালোচনা করে ইলিয়াস হোসেন ওরফে অপুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে পাঁচটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ইলিয়াসের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের বাইরে একটি চাঁদাবাজি মামলার বাদী নুরুল কবিরকে ছুরিকাঘাত করে আসামিপক্ষের কয়েকজন পালিয়ে যান।
পরে আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন গ্রেপ্তার আসামিদের জামিনের বিরোধিতা করেছিলেন নুরুল কবির। এ সময় আসামিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় পরদিন নুরুল কবিরের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় জয়নাল আবেদীন সোহেল (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এবার মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করা হলো।

