কবি জাহাঙ্গীর আজাদের আবির্ভাব গেলো শতকের সত্তরের দশক বাংলাদেশের কবিতায় আর্থ-সামাজিক-রাজনৈতিক দিক থেকে এক রূপান্তরমূলক সময়। মূলত স্বাধীনতা-উত্তর বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতা, স্বপ্নভঙ্গ এবং কিছুটা নতুন কাব্যভাষার জন্মলগ্ন হিসেবে এ দশক চিহ্নিত। এ সময়ের কবিরা তাঁদের মনে ও মাথায় ধারণ করেন সমকালীন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের উত্তাপ। উপর্যুক্ত প্রেক্ষাপটে আমাদের আলোচ্য কবির কবিতায় কোন প্রবণতা ও চারিত্র্য প্রকাশিত? এ প্রশ্ন বা কৌতূহলের জবাব সন্ধানের আগে উল্লেখ্য যে, জাহাঙ্গীর আজাদ আশির দশকের দ্বিতীয়ার্ধের প্রায় শুরু থেকে টানা তিরিশ বছর কাটান প্রবাসে।
জীবিকাসন্ধানে কিংবা জীবিকার্জনের সংগ্রামে অতিবাহিত তিন দশক তিনি কবিতা থেকে ঢের দূরে থাকেন। কিন্তু হারিয়ে যান কি? জানার আগে স্মর্তব্য, বাংলাদেশের আধুনিক কবিতার ইতিহাসে দীর্ঘকাল প্রবাসী বা নির্বাসিত হওয়ার কারণে কাব্যের সেই চেনা সুর ও সৃজনশীলতার ধারাবাহিকতা ধরে রাখতে না পারা কিংবা দীর্ঘকাল নীরব থাকার সবচেয়ে জ্বলজ্বলে দৃষ্টান্ত হলেন কবি শহীদ কাদরী। এ ছাড়া প্রবাসযাপন বা নির্বাসনহেতু যাঁদের চেনা কাব্যভুবন গভীরভাবে বাধাগ্রস্ত বা ভিন্ন দিকে মোড় নিয়েছিল, তাঁদের মধ্যে কবি দাউদ হায়দার অন্যতম।
কিন্তু আমাদের জাহাঙ্গীর আজাদ? বিস্ময়ের সঙ্গে লক্ষণীয়, স্বদেশ ত্যাগের আগে অগ্রন্থিত এবং প্রাগুক্ত প্রবাসকালে নিস্ফলা থাকলেও জাহাঙ্গীর কবিত্ব হারাননি। কেবল তা-ই নয়, স্বদেশের নিসর্গের প্রকৃতির অপরূপতা স্মৃতিতে অক্ষুণ্ণ রেখেছেন এবং অভিন্ন দেশীয় সংস্কৃতির মানুষের পদশব্দ কিংবা কলরোল আপন অনুভবে নির্ণয় করেছেন যথাযথরূপে। এটা সত্যিই আশ্চর্যের যে, স্বদেশের প্রায় সবকিছুই তিনি গ্রথিত রেখেছেন আপন সত্তায়।
বিশেষভাবে আরও উল্লেখ্য, বাংলা কবিতার প্রধান ছন্দগুলো নিজের অনুভূতি, আবেগ ও চেতনা থেকে তিনি হারিয়ে ফেলেননি। সবচেয়ে বড় কথা, তিরিশ বছর ধরে তিনি বিদেশি (যে দেশে ছিলেন) ভাষায় প্রায় সব প্রয়োজন সারলেও বেঁচেছেন মাতৃভাষায়, নির্বাসিত ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ যেমন তাঁর ভাষাকেই স্বদেশ আখ্যা দিয়েছেন। কেননা তিনি দেশ ছাড়তে বাধ্য হলেও মাতৃভাষা থেকে তো আর বিযুক্ত-বিচ্ছিন্ন হননি।
এবার আমরা আমাদের আলোচ্য কবির প্রথম কাব্যগ্রন্থ *জ্বলে ওঠো জয়শ্রী অনল* (সেপ্টেম্বর ২০২১)-এর কিছু পাঠ নিতে পারি, উদ্ধৃতির বাহুল্য এড়িয়ে। তিনি মধ্যপ্রাচ্যের একটা দেশে অতকাল কাটালেও এবং বইয়ের প্রথম কবিতা ‘এলডোরাডো’য় মরুর উটের কথা উল্লেখ মাত্র করলেও লাতিন আমেরিকার আন্দিজ পর্বতের সেই কল্পিত সোনার শহর এলডোরাডোর ধুলো তাঁর পায়ে লেগে আছে বলে জানান।
স্বর্ণধূলি কেমন, আমরা জানি না; কিন্তু এর কাব্যিক ব্যঞ্জনা পাঠকের অনুভবে সৌন্দর্য ও শিল্পসুষমার একটা মৃদু তরঙ্গ তোলে, যা মিহি এবং অন্তহীন। এ কবিতায় প্রেয়সীর রূপকে কেবল স্বদেশে নয়, বাংলা কবিতায় ফেরারও আকুতি ও বার্তা সচেতন পাঠককে ছুঁয়ে যায়। অর্থ কিংবা বিদ্যাযোগ ঘটলেও প্রবাসযাপন সৃজনশীল মানুষের জন্য মূলত কতটা অসুখকর, তার প্রমাণ উদ্ধৃত পঙ্ক্তিনিচয়ে জ্বলজ্বল করছে।
তিনি প্রায় সারা বইয়ে মাতৃভাষা, প্রকৃতি ও জলবায়ুসহ মাতৃভূমি এবং হারানো প্রেমের জন্য আকুলতা অনুবাদ করেন কবিতার ভাষা ও ছন্দে। অন্যান্য আর্থ-সামাজিক-রাজনৈতিক অভিজ্ঞতার অনুষঙ্গ-আশ্রয়ী স্রোতও আছড়ে পড়ে তাঁর সত্তার প্রাতিস্বিকতার চতুর্দিকে।
যা-ই হোক, আমাদের কবির আলোচ্য গ্রন্থ থেকে কয়েকটি কবিতাংশ উদ্ধার না করলেই নয়।
০১। ‘পাথর কখনো বিষের অধিক নীল/পাথর কখনো রক্তের চেয়ে লাল/পাথর কখনো পারদের চেয়ে গাঢ়/পাথর কখনো অশ্রুর অধিক স্বচ্ছ’ (পাথর ৩; *জ্বলে ওঠো জয়শ্রী অনল*)।
০২। ‘এক জীবনের অর্ধেক হাওয়া জলে/বিঁধেছে এভাবে আধিপত্যের তীর/বাকি ভূখণ্ডে তোমার পতাকা ওড়ে/দু দিকের টানে আমার নিঃস্ব নী’ (অংশনামা; প্রাগুক্ত)।
০৩। ‘পথের শেষে দাঁড়িয়েছিলো তবু তোমার মতো/তুমি তো নও, কেউ কী আদৌ ছিলো?/হোঁচট খাওয়া নড়বড়ে নখ, তবুও খোঁড়ে মাটি/স্মৃতির মতো দড়ির আগুন কেউ কী নেড়ে দিলো?’ (কেউ কী আদৌ ছিলো; প্রাগুক্ত)।
০৪। ‘ধবলী বকের ঠোঁটে বিদ্ধ সরপুঁটি তার রুপোলি শরীরে/কাল সকালের ঠিক এসময়ে ঝিকিয়েছে রোদ…/আজ তার কোনো সাক্ষী নেই।’ (জ্যামিতিক সরীসৃপ; প্রাগুক্ত)।
০৫। ‘ঐকিক রীতি, এক হয়ে যায় দুই/আষাঢ় তোমায় আগুন হয়ে ছুঁই’ (আষাঢ়ে বিভ্রমে; প্রাগুক্ত)।
লক্ষযোগ্য যে, উপর্যুক্ত কবিতাংশের নৈসর্গিক চিত্রকল্পগুলোতে জীবনানন্দীয় নিসর্গকেন্দ্রিক ঐহিক অধ্যাত্ম (শামসুর রাহমান কথিত, ইংরেজ কবিদের কবিতায়ও আরেকভাবে যা ছিল কিংবা আছে) নেই। জাহাঙ্গীর আজাদ ভাববাদী প্রশ্রয়ে নিজ কবিত্ব বিকাশের পথে হাঁটেন না। এ বক্তব্যের দৃঢ় সমর্থন আমরা পাই ‘ঈশ্বর’ কবিতায়।
এখানে অবশ্য উল্লেখ্য যে, ‘লিলিথের কালো সাপ’ কবিতায় স্বাধীন নারীসত্তার জয়গান তিনি গেয়েছেন। পাশাপাশি নারীর সঙ্গে পুরুষের বসবাস ও সহবাসের দ্বান্দ্বিকতাও বাদ পড়েনি তাঁর কবিতা থেকে। একাধিক কবিতায় কাম বা রিরংসার শৈল্পিক প্রকাশও লক্ষণীয়।
তাই বলে আমাদের কবি কি বাস্তব সমাজ সংগঠনের (সোশাল কম্পোজিশন) প্রতি উদাসীন? মোটেও না। ‘তৈলাক্ত তেলাপোকা’ কবিতায় বিষম সমাজব্যবস্থার দিকে অঙ্গুলি নির্দেশ করতে গিয়ে ‘প্রাগ্রসর নগর সভ্যতায়’ ‘নারী ও পুরুষ বেশ্যা’র উপস্থিতি তিনি আমাদের নতুন করে দেখান।
‘আষাঢ়স্য প্রথম দিবসে’ কবিতায় উদ্বাস্তু ভিখিরির ‘দগদগে ফুলে ওঠা’ পায়ের গোড়ালিতে ‘মেয়েমানুষের চুলের গিটকে’ ‘চিকিৎসা বিজ্ঞানের মুখে’ ছুড়ে দেওয়া ‘রূপক বিদ্রুপ’ বলে উল্লেখ করেন।
এ বইয়ের প্রায় কবিতায় জ্বলে উঠেছে কবির জয়শ্রী অনল। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন জাগে: এ আগুন জয়শ্রী বা বিজয়লক্ষ্মী কেন? মুক্তিযুদ্ধে আমাদের বিজয় লাভের আগুন যে সময়ে সময়ে নির্বাপিত-প্রায় হয়ে ওঠে, তারই যথাযথ প্রজ্বলন কি কবি আশা করেন প্রত্যক্ষে-পরোক্ষে, নামকবিতাসহ সারা বইয়ে?
উপর্যুক্ত প্রশ্ন কিংবা কৌতূহলের সূত্র ধরে আরও কিছু সম্পূরক কথা বলতে হয়। প্রথমত, কবির আগুন বিজয়লক্ষ্মী এ জন্য যে, তিরিশ বছরের দীর্ঘ বিরতি সত্ত্বেও জাহাঙ্গীর আজাদ নিজ কবিসত্তার কিছুই হারাননি শুধু নয়, পঞ্চাশ থেকে সত্তর, এই তিন দশকের প্রায়-বিবরণধর্মী কবিতার উত্তরাধিকারও হুবহু বহন করেননি।
দ্বিতীয়ত, শূন্য ও দ্বিতীয় দশকের অকবিতার ভিড়ে, বিরল দু-তিনজন প্রকৃত কবির সঙ্গে নিজের নাম যুক্ত করতে সক্ষম হন তিনি, এই প্রথম গ্রন্থের প্রকাশকালের ভিত্তিতেও।
তৃতীয়ত, প্রাগুক্ত পরিচিত বিষয়গুলো তাঁর নিজের ধরনে বইয়ে অঙ্গীকৃত হলেও ‘যারা চলে যায়’ কবিতার সার্বিক অভিনবত্ব অবিস্মরণীয়। যারা ছেড়ে যায়, তারা ঘরের আসবাব, দেয়ালে টাঙানো শিল্পকর্ম, শিল্প-সাহিত্যের বইপত্র তো সঙ্গে নেয়ই, ওষুধ পর্যন্ত নিয়ে যায়। পড়ে থাকে শুধু এর খালি কৌটো!

