নিজস্ব প্রতিবেদক>> চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের চেম্বার সংকট সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আইনজীবী অডিটোরিয়ামে সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
মীর হেলাল বলেন, আইনজীবীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল কর্মপরিবেশ জরুরি। সমিতির সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের চেম্বার সংকটের বিষয়টি তুলে ধরেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পেশাগত নীতি-নৈতিকতা সমুন্নত রাখার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আইন পেশা শুধু জীবিকা নয়, এটি একটি মহৎ ও মর্যাদাপূর্ণ পেশা। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অসহায়, নিপীড়িত ও সাধারণ মানুষের আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা আইনজীবীদের অন্যতম দায়িত্ব।
নিজেদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলে দেশের বিচারব্যবস্থার উন্নয়নে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার।

