নিজস্ব প্রতিবেদক>> চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনে প্রশাসনের কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নবম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।
বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, আন্দোলন নিয়ে প্রশাসনের ‘নীরবতার’ প্রতিবাদে তারা চোখে কালো কাপড় বেঁধেছেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।
এদিকে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির কারণে নবম দিনের মতো বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘটও অব্যাহত রয়েছে।

