এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের অপারেশন সচল রাখার কঠোর নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে; একই দিন বিকেলে বন্দর ভবনের সামনে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বন্দরের অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখার নির্দেশ দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. নাসির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে বন্দরের অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। এমন চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নাসির উদ্দীন বলেন, বন্দরের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন অপারেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন ব্যাহত করার কোনো চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বন্দর ভবনের সামনে সমাবেশ করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে তারা মশাল মিছিলও করে।
সমাবেশে এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়। বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত বাতিল বা পুনর্বিবেচনা না হলে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে। একই দিনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি স্বাক্ষরের কথা থাকায় বন্দর এলাকায় অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

