চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের সহ-সভাপতি (ভিপি) রিপুল চাকমাকে হল থেকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।
অভিযোগের পক্ষে ৮ মিনিট ২৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়েছে। এতে চবি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাসিম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘চাকসু শেষ হোক, তোদের হল থেকে পিটিয়ে বের করব।’
সোমবার রাতে হলের ৩১৩ নম্বর কক্ষকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই কক্ষে একজন শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছেন, এমন অভিযোগের ভিত্তিতে হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলম এবং হল সংসদের কয়েকজন সদস্য সেখানে যান। পরে কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
হল সংসদের ভিপি রিপুল চাকমার ভাষ্য, নাসিম তাকে উদ্দেশ করে বলেন, ‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে। এরপর পিটিয়ে বের করে দেব।’
রিপুল জানান, রোববার তিনি দেখেন, একজন ব্যক্তি মালামাল নিয়ে ৩১৩ নম্বর কক্ষে উঠছেন। বিষয়টি তিনি হল সংসদের গ্রুপে জানান। পরে একজন শিক্ষককে সঙ্গে নিয়ে ওই কক্ষে গেলে নাসিমসহ কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। সেখানেই তাঁকে হুমকি দেওয়া হয়।
তবে কাউকে গালাগাল বা অপমান করার অভিযোগ অস্বীকার করেছেন রিপুল। তার দাবি, ৩১৩ নম্বর কক্ষটি নিয়ে আগে থেকেই বিরোধ রয়েছে। চার আসনের কক্ষটিতে পাঁচজনের থাকার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটি আসন নামাজের কক্ষের জন্য নির্ধারিত জায়গা থেকেও ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান।
রিপুলের অভিযোগ, হলের আসন বরাদ্দের সময় কয়েকটি কক্ষ খালি রেখে ছাত্রদলের পরিচয়ের ভিত্তিতে সেগুলোতে শিক্ষার্থী ওঠানো হয়েছিল।
জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলম বলেন, একটি অভিযোগ পাওয়ার পর তিনি ৩১৩ নম্বর কক্ষে যান। সেখানে থাকা শিক্ষার্থীরা জানান, কক্ষে কোনো অবৈধ ব্যক্তি নেই, তারা অতিথি হিসেবে এসেছে। এ নিয়ে কথা বলার একপর্যায়ে বাকবিতণ্ডা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, একটি অভিযোগের ভিত্তিতেই শিক্ষক ও হল সংসদের সদস্যরা ওই কক্ষে গিয়েছিলেন। সেখানে অবৈধভাবে থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ওই সময়ের ঘটনা নিয়ে কেউ লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।
অভিযোগের বিষয়ে জানতে নাসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

