কোথাও খড়ের কাঠামো, কোথাও মাটির প্রলেপ, আবার কোথাও তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর চোখ-মুখ। দুর্গাপূজা ঘনিয়ে আসায় চট্টগ্রামের চন্দনাইশের পূজামণ্ডপগুলোতে এখন সবচেয়ে ব্যস্ত সময় কাটছে প্রতিমাশিল্পীদের। দিন-রাত পরিশ্রম করে মাটি, খড় ও রঙে দেবী দুর্গাসহ অন্য দেব-দেবীর প্রতিমায় শেষ ছোঁয়া দিচ্ছেন তারা।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কোনো কারিগর মাটির শেষ প্রলেপ দিচ্ছেন, কেউ রঙ করছেন, আবার কেউ ব্যস্ত প্রতিমার সাজসজ্জায়। কয়েকদিন আগেও যে কাঠামো ছিল খড় ও মাটির, সেটিই এখন ধীরে ধীরে পূজার আরাধ্য প্রতিমার রূপ নিচ্ছে।
একটি প্রতিমা তৈরির শুরুটা অবশ্য এমন নয়। বাঁশ ও কাঠের কাঠামোর ওপর প্রথমে খড় দিয়ে অবয়ব তৈরি করতে হয়। এরপর কয়েক দফায় দেওয়া হয় মাটির প্রলেপ। মাটি শুকিয়ে যাওয়ার পর চলে রঙের কাজ। সবশেষে অলংকার ও সাজসজ্জায় পূর্ণতা পায় প্রতিমা। পুরো প্রক্রিয়ায় লাগে সময়, ধৈর্য ও কারিগরি দক্ষতা।
জোয়ারা সার্বজনীন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত ফরিদপুরের কারিগর লক্ষণ পাল বলেন, ‘দুর্গাপূজা সামনে রেখে আমাদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। সময়মতো প্রতিমা তৈরি করে দিতে দিন-রাত কাজ করতে হচ্ছে। একটি প্রতিমা তৈরিতে অনেক সময় ও শ্রম লাগে। তবে কাজ শেষে যখন প্রতিমাটি পূজামণ্ডপে শোভা পায়, তখন সব কষ্ট সার্থক মনে হয়।’
কারিগর মৃদুল পাল বলেন, প্রতিমা তৈরির কাজের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আবেগ জড়িয়ে আছে। এবারও ভক্তদের চাহিদা অনুযায়ী সুন্দর প্রতিমা তৈরির চেষ্টা করছি। মাটির কাজ, রঙ ও সাজসজ্জার প্রতিটি ধাপ নিখুঁতভাবে করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রতিমাশিল্পীদের এই ব্যস্ততার পাশাপাশি পূজামণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপ সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এগিয়ে নিচ্ছেন আয়োজকরা।
চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। মণ্ডপের সাজসজ্জা, নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সবার সহযোগিতায় এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চাই।
মাটির শরীরে শেষ তুলির আঁচড় পড়লেই প্রস্তুত হবে প্রতিমা। এরপর মণ্ডপে উঠবেন দেবী দুর্গা। সেই অপেক্ষায় এখন চন্দনাইশের মৃৎশিল্পীদের হাত চলছে বিরামহীন।

