চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জায়গা দখল করে ব্যবসা করায় সাতজনকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে মহাসড়কের পাশে গড়ে ওঠা কয়েকটি স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
এ সময় সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ৮২(১) ধারায় সাতজনকে ওই জরিমানা করা হয়।
গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেটের সামনে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যক্তিরা দুই দিনের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের সার্ভেয়ার শুভাশীষ চাকমা, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী নিলয় সেন, গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝন্টু বিকাশ চাকমা বলেন, “মহাসড়ক দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

