নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ>> পাহাড়ি ঢল ও টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশের ৫৬৬ পরিবারকে ৪৫ লাখ ২৮ হাজার টাকা নগদ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে এ অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় নিরাপদ পানির সংকট মোকাবিলায় টিউবওয়েল জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
রোববার বেলা ১১টায় চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে এ সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান।
রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্টের নেতারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

