নিজস্ব প্রতিবেদক>> পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে জাহাজ তিনটি বন্দরের সাইলো জেটিতে নোঙর করে। আগামী ২১ সেপ্টেম্বর তাদের বাংলাদেশের জলসীমা ছাড়ার কথা রয়েছে।
সফরকারী জাহাজ তিনটি হলো—‘হাং সান’, ‘দা সিং’ ও ‘থাই হু’।
জাহাজগুলো বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বাদক দল ব্যান্ড পরিবেশন করে।
স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামে বসবাসরত চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ চীনা জাহাজ তিনটিকে এসকর্ট করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে।
সফরকালে চীনা যুদ্ধজাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চল, বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও চীনা যুদ্ধজাহাজগুলো পরিদর্শনের সুযোগ থাকবে।

