চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও ধারণ, প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থা, সংবেদনশীল স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংরক্ষিত এলাকার কোনো ছবি-ভিডিও ধারণ বা এসব তথ্য প্রকাশের আগে তাদের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া ছবি, ভিডিও, নকশা বা স্কেচ তৈরি কিংবা এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ও গণমাধ্যমে প্রকাশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্দরের প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনার ছবি-ভিডিও ধারণের ক্ষেত্রেও আগে অনুমতি নিতে হবে। এসব স্থাপনার নকশা, স্কেচ বা যেকোনো ধরনের দৃশ্যমান তথ্য সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনাগুলোর সুরক্ষা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারা অনুযায়ী, বন্দরের সুষ্ঠু পরিচালনা ও সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য বন্দর সীমানার অন্তর্ভুক্ত সব স্থান ও স্থাপনাকে সংরক্ষিত বন্দর এলাকা হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ১৯২৩ সালের সরকারি গোপনীয়তা আইনের কথাও উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা, ছবি বা অন্যান্য উপাত্তের অননুমোদিত ধারণ, প্রকাশ ও প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। অননুমোদিত কার্যক্রমের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

