নিজস্ব প্রতিবেদক>>
চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে মোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় অভিযান চালানো হয়। এ সময় ৩৫৪ জন কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।
এর মধ্যে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, অভিযানের পর অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্তানদের মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখতে সচেতন করা হয়।
তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

