নিউজ ডেস্ক>> অপরাধ দমন, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ফরিদা ইয়াসমিনের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ জানায়, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মীরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর ফরিদা ইয়াসমিন অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে সাফল্যের পাশাপাশি ডাকাতির মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারেও ভূমিকা রাখেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মীরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

