চট্টগ্রামসহ দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও বর্তমানে চলাচলরত রিকশা তাৎক্ষণিক বন্ধ করা হচ্ছে না।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চট্টগ্রাম সিটি করপোরেশনসহ ১৩টি সিটি করপোরেশনে পর্যায়ক্রমে এই নিবন্ধন দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চলাচলরত বৈধ কিংবা অবৈধ রিকশার মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপাতত এসব রিকশা চলাচল করতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে সরকার বিধিমালা প্রণয়ন করেছে। তবে নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না। প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন করতে হবে। অনুমোদিত গতিসীমা হবে ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার।
ই-রিকশার ব্যাটারি চার্জের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত চার্জিং স্টেশন থেকেই ব্যাটারি চার্জ করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা যাবে না।
নিবন্ধন ফির বিষয়ে তিনি জানান, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি আট হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি চার হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা।
ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

