কক্সবাজারের চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় কক্সবাজার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ পহরচাঁদা (বরইতলী) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
নিহতের প্রতিবেশী ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার জানান, সোমবার সকালে বাড়ি থেকে রেললাইন ধরে হেঁটে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রশিদ আহমদ। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে বয়সের ভারে নুইয়ে পড়া ওই বৃদ্ধ রেললাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জালাল আহমদ সিকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক কক্সবাজার রেলওয়ে পুলিশের ওসিকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করবে বলে তাঁকে জানিয়েছেন ওসি।
কক্সবাজার রেলওয়ে পুলিশের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছেন। রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

