নিজস্ব প্রতিবেদক »
নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুসের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন প্রক্রিয়া আটকে রাখা হয়। পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা ঘুস দাবি করেন।
এ ঘটনায় ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন তিনি।
অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রার, হেড ক্লার্ক ও উমেদারকে আটক করা হয়।
দুদক সূত্র জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

