নিজস্ব প্রতিবেদক>> চট্টগ্রামের হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘর থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান ও গুলি-কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. নাছির উদ্দীন (৪৩) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেৃলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নাছিরের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিমি পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড শটগানের কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার হওয়া কার্তুজগুলোর গায়ে ‘SHAKTIMAN EXPRESS MADE IN INDIA’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে নাছির দাবি করেছেন, তার বন্ধু রাউজানের মো. তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানায়, তৈয়বকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নাছির ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে।

