চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। সেপ্টেম্বর মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন, মারা গেছেন ১৬ জন। সেই আতঙ্ক কাটতে না কাটতেই অক্টোবরের প্রথম পাঁচ দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন। এ নিয়ে চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৪ জনে। মৃত্যু হয়েছে ২১ জনের।
সর্বশেষ তথ্য মতে, বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬০ জন। বছরের শেষ তিন মাস বাকি থাকতেই গত দুই বছরের পুরো বছরের আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে চলতি বছরের রোগী।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যখন দ্রুত বাড়ছে, তখন শুধু হাসপাতালে শয্যা বাড়ানো বা
রোগীর চিকিৎসা নিশ্চিত করাই যথেষ্ট নয় বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, ডেঙ্গু সংক্রমণের উৎস কোথায়, কোন ওয়ার্ডে এডিসের প্রজনন বেশি, কোন এলাকায় নিয়মিত ওষুধ যাচ্ছে না এবং কোথায় জমে থাকা পানি অপসারণ হচ্ছে না, এসব প্রশ্নের উত্তর বের করাও জরুরি।
পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, বছরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম থাকলেও জুন থেকে সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। জুনে ১২২ জন, জুলাইয়ে ৫৩৬, আগস্টে ১ হাজার ২০২ এবং সেপ্টেম্বরে আক্রান্ত হন ২ হাজার ৪৩০ জন। অক্টোবরে পাঁচ দিনেই আক্রান্ত ৪৪৮ জন। অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের প্রথম পাঁচ দিন পর্যন্ত চার মাসের কিছু বেশি সময়ে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১৬ জন, যা পুরো বছরের মোট আক্রান্তের প্রায় পুরোটা। একই সময়ে মৃত্যুও বেড়েছে দ্রুত। সেপ্টেম্বরে এক মাসেই মারা গেছেন ১৬ জন।
চলতি বছরের আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ৪০২ জন, নারী ১ হাজার ৪০৩ জন এবং শিশু ১ হাজার ১০৯ জন। তবে মৃত্যুও ঘটনায় উদ্বেগ আরও বেশি। ২১ জন মৃতের মধ্যে নারী ১১ জন এবং শিশু ছয়জন। পুরুষ মারা গেছেন চারজন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ওই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। এর মধ্যে ৫৬ জন পুরুষ, ২৩ জন নারী ও ২৮ জন শিশু ভর্তি রয়েছে বলে জানান সিভিল সার্জন।
হাসপাতালভিত্তিক হিসাবেও বাড়ছে চাপ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে ১৯ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ জন, চট্টগ্রাম সিএমএইচে একজন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৯ জন। সব মিলিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৬০ জন।
চসিকের কর্মকর্তারা বলছেন, বিটিআই, লার্ভিসাইড, ফগিং, ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষও বলছে, রোগী বাড়লেও চিকিৎসা প্রস্তুতি রয়েছে। কিন্তু সেপ্টেম্বরে ১৬ মৃত্যু এবং অক্টোবরের পাঁচ দিনেই ৪৪৮ আক্রান্তের পর মশা নিধন ও প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম মাঠে কতটা দৃশ্যমান এবং কার্যকর রয়েছে প্রশ্ন উঠছে নগরবাসীর।
ঝুঁকিতে নগরের ৮ ওয়ার্ড
নগরে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশন ২, ৩, ১৭, ১৮, ১৯. ৩২, ৩৪ ও ৩৯ নম্বর ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব এলাকায় অতিরিক্ত জনবল দিয়ে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভা নিধন এবং পূর্ণবয়স্ক মশা নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগের কথা জানিয়েছে। চসিক। কার্যক্রম তদারকিতে ১০ জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। শতাধিক কর্মীকেও বিশেষভাবে যভাবে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত পাঁচ-ছয় মাস ধরে চসিক বিটিআই ব্যবহার করছে। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় চসিক এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। এখন শুধু ওষুধ ছিটালে হবে না। জনগণকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশে পানি যেন না জমে, সেই দিকে নজর রাখতে হবে।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন করলেই হবে না, নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নালা-নর্দমা, ড্রেন, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ রয়েছে।”
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। চসিকের স্বাস্থ্য বিভাগে ডেঙ্গু মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ড এবং বিনামূল্যে এনএস ১ পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা সেবাও বাড়ানো হয়েছে।’
ডেঙ্গুর মূল উৎস এডিস মশা। আর এ মশার বংশবিস্তার ঠেকাতে জমে থাকা পানি দ্রুত অপসারণের বিকল্প নেই। ফলে মশক নিধনের পাশাপাশি নগরের বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, পরিত্যক্ত জায়গা, ছাদ ও ড্রেন পরিষ্কার রাখার দায়িত্বও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘থেমে থেমে বৃষ্টিসহ নানা কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকছে এবং অল্প সময়ের মধ্যেই এসব পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি দ্রুত অপসারণকে সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখতে হবে। কর্মকর্তা-কর্মচারীরা কোথাও ঠিকমতো ওষুধ না ছড়ালে বা গাফিলতি করলে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর অনুরোধ রইলো।’
চমেকে রোগীর চাপ
ডেঙ্গু রোগীর সবচেয়ে বেশি চাপ পড়ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চমেকে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে চমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ার খবরও এসেছে। হাসপাতালের ডেঙ্গু ইউনিটে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জায়গার সংকটের বিষয়ও দেখা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। হাসপাতালের সক্ষমতার মধ্যে রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি নাগরিক ফোরামের সঙ্গে মতবিনিময়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করা, পৃথক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় জনবল বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হাসপাতালের পরিচালক বলেন, ‘পুরো কমিউনিটি একসঙ্গে কাজ না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ততা বাড়াতে হবে।
স্বাস্থ্য বিভাগের সতর্কতা
এছাড়া ডেঙ্গর বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় বছরভিত্তিক হিসাবেও। ২০২৪ সালে জেলায় ডেঙ্গু আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন, মৃত্যু হয় ৪৫ জনের। ২০২৫ সালে আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন, মৃত্যু হয় ২৭ জনের। অথচ ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্তই আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯১৪ জন। অর্থাৎ বছর শেষ হওয়ার প্রায় তিন মাস আগেই গত দুই বছরের পুরো বছরের আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে চলতি বছরের রোগী। আরও উদ্বেগের বিষয়, আক্রান্তের বড় অংশ এসেছে সাম্প্রতিক কয়েক মাসে।
জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে মোট আক্রান্ত ছিলেন মাত্র ১৭৬ জন। জুনে ১২২ জন, জুলাইয়ে ৫৩৬, আগস্টে ১ হাজার ২০২ এবং সেপ্টেম্বরে ২ হাজার ৪৩০ জন আক্রান্ত হন। অর্থাৎ সেপ্টেম্বরেই এক মাসে আক্রান্ত হয়েছেন বছরের প্রথম ছয় মাসের চেয়ে কয়েকগুণ বেশি মানুষ। অক্টোবরের প্রথম পাঁচ দিনেও ৪৪৮ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের ঊর্ধ্বগতি এখনো থামেনি।
চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ। তাই ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখা জরুরি। জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হবে আর সচেতনতার বিকল্প নেই। উপজেলার হাসপাতালগুলোতেও ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফাতেমা ফেরদৌসী বলেন, ‘ডেঙ্গু নজরদারি জোরদার এবং স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন। আশা করছি সবাই মিলে কাজ করলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব।’
নাগরিকদের উদ্বেগ
নগরের জামালখান এলাকার বাসিন্দা সন্তোষ মিত্র বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে মাঝেমাঝে চসিকের লোকজন পরিষ্কার করে যায়। কিছুদিন পর পর স্প্রে করতে দেখি। প্রতিদিন নিয়মিত করলে মশার প্রভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কথা না।’
তিনি আরও বলেন, ‘শুধু প্রশাসনকেও দায়ী করা যায় না। আমরা জনগণও আমাদের আশেপাশের পরিবেশ কতটা পরিচ্ছন্ন রাখছি। কতটা দায়িত্ব নিয়ে ভাবছি এটাও আমাদের রতে হবে’

