নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে একটি পোশাক কারখানা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের তৈরি পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় মো. ইসমাইল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরের ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ইসমাইল হোসেন বায়েজিদ বোস্তামী থানার আমীন জুট মিল এলাকার জাহানপুরের বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন উদ্দিন রুবেল বলেন, চট্টগ্রামের একটি পোশাক কারখানার গেটপাসে কাটাকাটি ও তথ্য পরিবর্তন করে ১৮ কার্টন তৈরি পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে সাজ কেনিট ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান ফাতেমা নিয়াজ উর্মি আদালতে ফৌজদারি অভিযোগ করেন। গত ২২ সেপ্টেম্বর করা ওই অভিযোগটি ডবলমুরিং থানার মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে ইসমাইলের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

