গরুর মাংসের দাম কমাতে সীমিত পরিসরে আমদানির সুযোগ চেয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
সংগঠনটির দাবি, বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ১ হাজার টাকা হয়ে যাওয়ায় রেস্তোরাঁয় রান্নার খরচ বেড়েছে। কিন্তু সেই খরচ খাবারের দামে যোগ করলে ক্রেতা কমে যাওয়ার আশঙ্কায় অনেক রেস্তোরাঁ দাম বাড়াতে পারছে না।
শনিবার ঢাকার পল্টনে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বাজারে ৮০০ টাকা কেজির গরুর মাংসেও হাড় ও চর্বির পরিমাণ বেশি থাকছে। এতে রেস্তোরাঁগুলোর প্রকৃত মাংসের খরচ আরও বাড়ছে।
আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক কম দামে মাংস আনা গেলে রেস্তোরাঁগুলোও কম দামে খাবার দিতে পারবে বলে মনে করেন তিনি।
“পাঁচ তারকা হোটেল ও কিছু বিশেষায়িত রেস্তোরাঁ বিদেশ থেকে গরুর মাংস আমদানি করে। নির্দিষ্ট শর্তে অন্য রেস্তোরাঁগুলোকেও এই সুযোগ দেওয়া যেতে পারে,” বলেন ইমরান।
তার মতে, সীমিত আমদানির পাশাপাশি কঠোর সরকারি তদারকি থাকলে নিরাপদ খাদ্য ও মান নিয়ন্ত্রণও নিশ্চিত করা সম্ভব।
কোরবানির সময় গরুর সরবরাহ বাড়লেও রেস্তোরাঁয় সারা বছর মাংসের চাহিদা থাকে উল্লেখ করে সমিতি বলেছে, শুধু কোরবানিকেন্দ্রিক সরবরাহ দিয়ে এই চাহিদা মেটানো সম্ভব নয়।
গোখাদ্য ও গবাদিপশু পালনের খরচ বেড়ে যাওয়ায় প্রান্তিক কৃষকের গরু পালনও কমছে বলে দাবি করেছে সংগঠনটি। গোখাদ্যের বাজারে মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলেও অভিযোগ করা হয়।
গরুর মাংসের পাশাপাশি চাল, ডাল, তেল, মাছ, মসলা, শাকসবজি ও ডিমের দাম এবং গ্যাস, বিদ্যুৎ, এলপিজি, পানি, ভাড়া, পরিবহন ও শ্রমিকের মজুরি বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সমিতির হিসাবে, বাড়তি ব্যয়ের সঙ্গে খাবারের দাম সমন্বয় করতে না পারায় রেস্তোরাঁগুলোর বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে।
সংগঠনটির সভাপতি শাহ সুলতান খোকনসহ কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংকট মোকাবিলায় নয় দফা দাবির মধ্যে ওয়ান-স্টপ সার্ভিস চালু, খাবারের দাম নির্ধারণে জেলা প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ, ভ্যাট আদায়ে হয়রানি বন্ধ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক ও ২ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং জ্বালানি-এলপিজি সংকটের সমাধান চেয়েছে সমিতি।
এ ছাড়া লোডশেডিং কমানো, বিভিন্ন দপ্তরের অভিযানে হয়রানি ও অহেতুক জরিমানা বন্ধ, রেস্তোরাঁ খাতকে শিল্প ঘোষণা বাস্তবায়ন এবং এ খাতের জন্য সুনির্দিষ্ট শিল্পনীতি প্রণয়নের দাবিও জানিয়েছে সংগঠনটি।

