চট্টগ্রামের খুলশীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। একই মামলায় আরও তিন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে রিমান্ডে নেওয়ার আবেদন করা বাকি আট আসামির আবেদন নামঞ্জুর হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্য তিন আসামি হলেন রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান ওরফে কালা হাসান।
মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়াকিল হোসেন বগাসহ ১২ জন এজাহারনামীয় আসামির রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে তাঁর অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

