চট্টগ্রামে ক্যালিগ্রাফি শিল্পের মাধ্যমে সমাজের প্রতিটি কোণে ‘রাসুলপ্রেম’ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিজনেরা।
তারা বলেছেন, ক্যালিগ্রাফি শুধু শিল্পচর্চার মাধ্যম নয়, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে রাসুলের প্রতি ভালোবাসার বার্তাও পৌঁছে দেওয়া সম্ভব। একই সঙ্গে বাংলাদেশে ক্যালিগ্রাফি চর্চাকে আরও সমৃদ্ধ করতে অনুকরণ প্রবণতা থেকে বেরিয়ে নতুন ধারা, বিষয়বৈচিত্র্য ও ভিন্ন মাধ্যমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে কণ্ঠধী আয়োজিত ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।
৮ থেকে ১০ অক্টোবর চলবে এ প্রদর্শনী। এতে বাছাই করা ১০০টি ক্যালিগ্রাফি প্রদর্শিত হচ্ছে।
শিল্পী মোহাম্মদ তোয়াহা, কবি চৌধুরী গোলাম মাওলা, শিল্পী সিকান্দার মেহেদী, প্রেসিডেন্সি এডুকেশনের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, কবি মাঈন উদ্দিন জাহেদ, শিল্পী গিয়াসউদ্দিন কাদের, আবদুল হক ও আশফাকুর রহমান যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক অনুবাদক সাইফুল্লাহ মুহাম্মদ সায়েমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী।
উদ্বোধনী দিনে প্রদর্শনীতে শিল্পী মউদুদুল আলম, সাহিত্য সমালোচক আমীরুল ইসলাম, সংস্কৃতি সংগঠক মুহাম্মদ কামাল উদ্দিন, নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান, আবৃত্তিকার মিশফাক রাসেল ও শিশু সংগঠক মিশকাত উদ্দিনসহ শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা অংশ নেন।
আয়োজকরা বলেন, বাংলাদেশে ক্যালিগ্রাফি চর্চায় অনুকরণ প্রবণতা থেকে বেরিয়ে আসা জরুরি। এর পাশাপাশি নতুন নতুন ধারা, বিষয়বৈচিত্র্য ও মাধ্যমের ভিন্নতা নিয়ে কাজ করার সময় এসেছে।
তাদের প্রত্যাশা, শিল্পের নানা ফর্মে ঐহিক প্রত্যয় নতুন ধারার সৃষ্টিতে প্রেরণা হিসেবে কাজ করবে এবং এ প্রদর্শনী ক্যালিগ্রাফি শিল্পচর্চায় নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।
প্রদর্শনী উপলক্ষে ক্যালিগ্রাফিগুলো নিয়ে ‘রাসুল আমার ভালোবাসা’ শিরোনামে একটি ক্যাটালগও প্রকাশ করা হয়েছে।

