সুপ্রভাত ডেস্ক>> ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।
বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআর পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি এবং লাইনওআর পরিদর্শক মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি করা হয়েছে।
নাজমুন নুর এর আগে কোতোয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
গত ১৭ জুন চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাজমুন নুর। এর আগে তিনি পটিয়া ও সন্দ্বীপ থানায় একই দায়িত্বে ছিলেন।
পটিয়া থানায় দায়িত্ব পালনের সময়ও তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত বছরের ১ জুলাই রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের এক নেতাকে সোপর্দ করা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বিরোধ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই রাতে থানায় তাদের ওপর লাঠিপেটা করা হয়েছিল। এতে অন্তত ২৩ জন আহত হওয়ার দাবি করেন তারা। তবে পুলিশের ভাষ্য ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগ করতে হয়েছিল।
ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও ডিআইজি কার্যালয় ঘেরাও করেন। প্রায় নয় ঘণ্টা অবরোধের পর পরদিন রাতে নাজমুন নুরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে তাকে সন্দ্বীপ থানার ওসি করা হয়েছিল।
কোতোয়ালী থানায় দায়িত্ব নেওয়ার পর গত শনিবার সকালে থানার পেছনে পাথরঘাটার সতীশ বাবু লেনে একটি রিকশা থামিয়ে এক যাত্রীর কাছ থেকে ছুরি দেখিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করে।
এর আগে লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। ব্যস্ত সড়কে প্রকাশ্যে মিছিলের ঘটনায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে।
তবে এসব ঘটনার কারণে নাজমুন নুরকে ডিএমপিতে বদলি করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের আদেশে কিছু বলা হয়নি। আদেশে বদলির কোনো কারণও উল্লেখ করা হয়নি।

