সুপ্রভাত ডেস্ক>> মায়ের আদ্যশ্রাদ্ধের ধর্মীয় আনুষ্ঠানিকতা কারাগারের ভেতর থেকে পালনের অনুমতি চেয়েছেন রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নির্দিষ্ট সেলে এ আয়োজনের অনুরোধ জানিয়ে আবেদন করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
আবেদনে আদ্যশ্রাদ্ধের প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর এ আবেদন করেছেন।
গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নিতে এর আগে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।
এবার কারাগারের ভেতরে আদ্যশ্রাদ্ধের আয়োজনের অনুমতি দেওয়া হবে কি না, তা কারাবিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময়কে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
‘কারাগারের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নতুন আবেদনটি কারাবিধি অনুযায়ী জেলা কারাগারের সুপার সিদ্ধান্ত নেবেন।’
চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ছগির মিয়া বলেন, ‘এ ধরনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুরে কারাবিধিতে স্পষ্ট করে কিছু বলা নেই। যেহেতু ধর্মীয় বাধ্যবাধকতার বিষয় আছে এবং বন্দিও একজন বিশেষ বন্দি, তাই সিদ্ধান্ত হতে পারে বিশেষ বিবেচনায়।’
তিনি বলেন, ‘সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের। জেল কর্তৃপক্ষ কারাবিধির বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন তিনি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

