নিজস্ব প্রতিনিধি, উখিয়া>> কক্সবাজারের সীমান্ত দিয়ে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
বিভাগীয় কমিশনার বলেন, সমন্বিতভাবে নজরদারি বাড়িয়ে সারসংকট মোকাবিলা করতে হবে। সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও উদ্যোগী হয়ে কাজ করতে হবে।
তিনি সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য পাচার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশ দেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

