নিজস্ব প্রতিনিধি>> কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরা এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ইব্রাহিম উখিয়ার হ্নীলার মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সলিমের ছেলে। অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ইব্রাহিমের পাহারায় পুলিশ লাইন্সের একজন এএসআই ও দুই কনস্টেবল ছিলেন বলে জানা গেছে। তাদের দায়িত্বে থাকা অবস্থায় হাসপাতালের বেড থেকে হাতকড়া পরা অবস্থায় ইব্রাহিম পালিয়ে যায়। পাশের এক রোগীর স্বজনের ভাষ্য, পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে দ্রুত ওয়ার্ড থেকে বেরিয়ে যায় সে।
গত ২৫ সেপ্টেম্বর সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণের চেষ্টা করার সময় ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা যুবককে স্থানীয়রা আটক করে।
পরে তাদের গণপিটুনি দিয়ে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়।
আটকের পর চিকিৎসার জন্য প্রথমে ইব্রাহিমকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পালিয়ে যাওয়া ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

