নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার>> কক্সবাজারে লোহার রডবোঝাই ট্রাকের চাপায় শফিকুল ইসলাম রাসেল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই বন্ধু সিয়াম ও রোহান।
বুধবার রাত ১১টার দিকে শহরের হলিডে মোড়ের এসএ পরিবহনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাসেল ও তাঁর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লোহার রডবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
আহত রোহানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কক্সবাজার শহরের ফ্যাশন হাউজ টপটেনের কর্মচারী বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার এএসআই তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাসেলের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

