নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার>> কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে আহত নির্মাণ শ্রমিক একরামুল হক (৩৩) মারা গেছেন।
দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
একরাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকার জালাল আহমদের ছেলে।
একরামের বাবা জালাল আহমদ বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার ছেলের দুই দফা অস্ত্রোপচার করা হয়। প্রথম অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও দ্বিতীয় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তিনি বলেন, একরামের বুকের বাঁ পাশে গুলি লাগে। গুলিটি পিঠ দিয়ে বের হয়ে যায়। ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করেও ছেলেকে বাঁচানো গেল না।
গত ১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে কক্সবাজার সিটি কলেজ গেট এলাকায় একরামের ওপর হামলার ঘটনা ঘটে।
স্বজনদের ভাষ্য, ওই এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা আবুল মনসুর লুদু, সাদ্দামসহ কয়েকজন একরামকে ঘিরে ধরেন। একপর্যায়ে এক অস্ত্রধারী তার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। পরে তারা পালিয়ে যান।
স্থানীয়রা একরামকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর ওই রাতেই কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযুক্ত আবুল মনসুর লুদুকে আটক করে বলে স্বজনরা জানান।
একরামের মৃত্যুর পর এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

