নিজস্ব প্রতিবেদক »
এক লাখ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ওভোনিয়া’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এর মধ্য দিয়ে নগরের পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায় একঝাঁক তরুণের উদ্যোগে ব্যতিক্রমী এই উদ্যোগটি গতকাল থেকে যাত্রা শুরু করলো।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘তরুণ উদ্যোক্তারা হলো দেশের প্রাণশক্তি। তাদের উদ্ভাবনী শক্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও সামগ্রিক চিত্র প্রতিনিয়ত বদলে যাচ্ছে। তরুণদের হাত ধরে এগ্রোটেক, ফিনটেক, এডটেক এবং তথ্যপ্রযুক্তির নানা খাতে নতুন নতুন স্টার্টআপ গড়ে উঠছে। চট্টগ্রামের একঝাঁক তরুণের হাত ধরে ওভোনিয়ার যাত্রা হওয়ায় আমি আনন্দিত। আগামী একবছরের মধ্যে এটি এক লাখ উদ্যোক্তা তৈরি করবে- সত্যি এমন উদ্যোগ ও চিন্তা প্রশংসার দাবিদার।’
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘উদ্যোক্তা তৈরির মতো ভালো কাজে জড়াচ্ছে তরুণরা- এখানে এসে এমন সাহসী উদ্যোগ দেখে খুব ভালো লাগছে। উদ্যোক্তা তৈরির মতো এ ধরণের উদ্যোগ হাতে নেওয়া হলে তরুণদের মাদক থেকে, চুরি-ছিনতাইয়ের মতো খারাপ কাজ থেকে দূরে রাখা সম্ভব হবে। রোধ করা যাবে কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার প্রবণতাও। শিক্ষিত, বেকার, কম পড়ালেখা করা তরুণদের প্রশিক্ষণ দিয়ে এখানে উদ্যোক্তা বানানো হবে- ধারণাটি খুবই যুগোপযোগী। এমন ভালো কাজের সাথে আমি সবসময় পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।’
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনসারুল ইসলাম জানান, ওভোনিয়ায় দেশের ৬৪টি জেলার সকল ধর্মের প্রায় ছয় শতাধিক তরুণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পল্লী সেবা, আইটি সেবা, কাপড়, কসমেটিক, কনজুমার ও ভিন্ন ভিন্ন সেক্টরে আমাদের টিম কাজ করছে। গ্রামের কৃষকের ছেলে যারা কৃষি কাজ করে, পড়ালেখা জানে না, তাদেরকেও আমরা শিক্ষিত ও দক্ষ করে তুলছি। তাদের মধ্যে প্রায় ৩০০ তরুণ বিভিন্ন সেক্টরে সফলভাবে প্রতিষ্ঠিতও হয়েছে। সরকার তথ্যপ্রযুক্তি খাতে যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যেই আমরা আইটি খাতে বিশাল পরিমাণ টাকা খরচ করে দেশের সাধারণ মানুষকে সেবা দিতেই এমন উদ্যোগ নিয়েছি। ২০২৭ সালের মধ্যে এক লাখ উদ্যোক্তা তৈরি করা প্রধান লক্ষ্য আমাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে থাকা আতিকুর রহমান, আশরাফুল আলম, মনির উদ্দীন নাঈম, মো. তারেক , মো. মেহেদী, মো. মহিউদ্দিন, মো. তানভীর প্রমুখ।

