চট্টগ্রাম নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ ও ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হন।
নিহতরা হলেন তামান্না ও মো. খলিল।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি নগরের কলসির দীঘির পাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।
এর আগে বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানার ডিটি রোডের ধনিয়ালাপাড়া রাস্তার মাথায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাছুম (২৫) নামে এক চালক নিহত হন।
নিহত মাছুম নগরের ধনিয়ালাপাড়া এলাকার মগবুল মঞ্জিলের বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ইপিজেডের দুর্ঘটনায় আহত দুইজনকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়া রাস্তার মাথায় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক মাছুম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত তিনজনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

