চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়ে শ্রমিক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর আন্দোলনের হুঁশিয়ারির মধ্যেও জনস্বার্থের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বন্দর বন্ধের হুঁশিয়ারিসহ আন্দোলনের কারণে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কিনা—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার দিকে যায়, তখন রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই তা করা হয়। কোনো সিদ্ধান্ত ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে সরকারের মূল বিবেচনা থাকবে বৃহত্তর জনস্বার্থ।
তিনি বলেন, “সরকার যদি শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিতে চায়, তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে, তাদের আশ্বস্ত করেই সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু আন্দোলনের কারণে সরকার জনকল্যাণকর কোনো সিদ্ধান্ত থেকে সরে আসবে, বিষয়টিকে আমি সেভাবে দেখি না।”
বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিএনপির অতীত অবস্থানের সঙ্গে বর্তমান সরকারের অবস্থানের কোনো পরিবর্তন আছে কিনা—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “সংসদে বা অতীতে বিএনপি ঠিক কী অবস্থান নিয়েছিল, সেটি যাচাই করে পরে জানানো হবে।”
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই তা করা হবে। সরকারের বিবেচনায় থাকবে দেশের বৃহত্তর স্বার্থ ও জনগণের কল্যাণ।

