চট্টগ্রামের একঝাঁক তরুণ শিক্ষার্থী ভারতের হিমাচল প্রদেশের সোলানে অনুষ্ঠিত চতুর্থ মার্ভেল আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন। ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত শুলিনী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই উৎসবে অংশ নেন। দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক এই আয়োজনে তাঁরা বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল কার্যক্রমে অংশ নেন।
উৎসবে ফটোগ্রাফি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, নিউজ অ্যাংকরিং, ডিক্লেমেশন, রেডিও জকি, কুইজ, ক্যাপশন লেখা ও ইনস্টাগ্রাম রিলসসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ছিল থিয়েটার, স্ট্যান্ড-আপ কমেডি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বের বিষয় তুলে ধরা হয়। ‘তাকধুম তাকধুম বাজাই’ গানের মাধ্যমে শুরু হওয়া পরিবেশনায় ঢোলের ছন্দে বাংলার গ্রামীণ জীবন ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়। পরে ১৯৪৭ সালের দেশভাগ, পূর্ব পাকিস্তানের বাস্তবতা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার বিষয় নৃত্য ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরিবেশনার শেষ অংশে তুলে ধরা হয় দুই দেশের বন্ধুত্বের বার্তা।
শিক্ষার্থীদের মধ্যে আজকের পত্রিকার পাঠকদের সংগঠন পাঠকবন্ধুর আন্তর্জাতিক কমিটির সদস্য অর্ণব দাশ বলেন, “আন্তর্জাতিক একটি মঞ্চে নিজের দেশের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার অভিজ্ঞতা সত্যিই আলাদা। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়া, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানা এবং নিজের দেশের কথা বলার সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।”
উৎসবে গণমাধ্যমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হয়। তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য প্রকাশের গুরুত্ব তুলে ধরতে মিডিয়া ট্রুথ ল্যাব চালু করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য যাচাই ও ভুল তথ্য শনাক্ত করার বিষয়ে ধারণা দেওয়া হয়।
উৎসবের শেষ দিন অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হয় শিমলায়। পাহাড়ি শহরটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান তাঁরা। এতে সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব ও যোগাযোগও আরও দৃঢ় হয়।
চট্টগ্রামের শিক্ষার্থীদের এ অংশগ্রহণকে শুধু একটি আন্তর্জাতিক উৎসবে যোগ দেওয়া হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। তাঁদের মতে, দেশের বাইরে গিয়ে নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও পরিচয় তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে চট্টগ্রামের তরুণদের সক্ষমতারও একটি পরিচয় তৈরি হয়েছে।

