চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দেওয়ার ভিডিও ছড়িয়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবলু আনোয়ারা উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, শিবলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়।
ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ বাদী হয়ে করা ওই মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়। শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।
এ ছাড়া আনোয়ারায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফা হামলার ঘটনায় করা মামলায়ও শিবলু ১ নম্বর আসামি বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তার অভিযোগও রয়েছে শিবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় ফিরে তিনি একটি কিশোর গ্যাং গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এরপর প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতেন শিবলু ও তার সহযোগীরা। ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেতেন না।
ওসি জুনায়েত চৌধুরী বলেন, “গ্রেপ্তার শিবলুর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ থাকতে পারে। যাচাই-বাছাই করে তাকে আদালতে পাঠানো হবে।”
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, “বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
অন্য কোনো থানায় শিবলুর বিরুদ্ধে মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

