চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উত্তর কাট্টলী জোনাকি ক্লাবে এ সভা হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সাত্ত্বিকভাবে পূজা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। উদ্বোধন করেন আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তরুণ তপন দত্ত। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দীপক দাশ। সভা সঞ্চালনা করেন আশীষ দাশ।
সভায় আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, পরিষদের সাধারণ সম্পাদক এন্টন দাশ, অর্থ সম্পাদক জুয়েল দে, সিনিয়র সহসভাপতি সুজিত কুমার দাশসহ উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১৫টি আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন। সভায় ডা. মুকেশ কুমার দত্ত, ডা. যামিনী কুমার দে, শ্রীশ সাহা, সমীর দত্ত, সাহেদ আকবর ও রফিক উদ্দীন চৌধুরী বক্তব্য দেন।
আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল শীল ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দত্তও সভায় উপস্থিত ছিলেন।

