অ্যামোনিয়া, নিষিদ্ধ কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশে শাহজালাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ১৬ হাজার টাকা মূল্যের কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার সকালে চন্দনাইশ পৌরসভা বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
তিনি বলেন, বেকারিটিতে খাদ্য উৎপাদনে এসব কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে।
এ ছাড়া আবাসিক বিদ্যুৎ সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করায় বেকারিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একই অভিযানে চন্দনাইশ পৌরসভা বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ইউএনও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পাশাপাশি জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

