চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন উল্লাহ জানান, মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি দল শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে বাড়িতে ঢোকে। পরে অস্ত্রের মুখে তাঁকে ও পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে তারা।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ছয় ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, কম্পিউটার, মনিটর, সিপিইউ, ওয়াই-ফাই রাউটার এবং সিসিটিভি ক্যামেরার মনিটর ও হার্ডডিস্ক।
ডাকাতেরা বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে বলে জানান মতিন উল্লাহ। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

