নিজস্ব প্রতিবেদক >>
অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ার পর সেই ঋণ পরিশোধের উদ্দেশ্যে নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মোঃ আরিফুর রহমান (২৯)। পরে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে উদ্ধার করেছে র্যাব-৭।
শুক্রবার র্যাব-৭-এর মিডিয়া কর্মকর্তা এ. আর. এম. মোজাফফর হোসেনের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত পেরিয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ঢাকাগামী মহাসড়ক সংলগ্ন মেসার্স রাকিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে অভিযান চালিয়ে আরিফুর রহমানকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আরিফুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা এলাকার সামছুল আজমের ছেলে। তিনি বর্তমানে ঢাকার ভাটারা থানা এলাকায় বসবাস করে ফুটপাতে জামাকাপড়ের ব্যবসা করেন।
র্যাবের তথ্যমতে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আরিফুর রহমান তার এক বন্ধুকে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোডের সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রেখে বিকাশে টাকা ক্যাশ আউট করার কথা বলে একটি দোকানের উদ্দেশে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে আসেননি। তার বন্ধু ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ হয়নি। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১০ সেপ্টেম্বর আরিফুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার ভাইয়ের ফোনে কল করে এক ব্যক্তি দাবি করেন, আরিফকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় আরিফুর রহমানের ভাই বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় একটি মামলা করেন।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কথিত অপহৃত আরিফুর রহমান চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আরিফুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। এ কারণে তিনি প্রায় দুই থেকে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যেই নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
র্যাব-৭ জানিয়েছে, উদ্ধার হওয়া আরিফুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

