সুপ্রভাত ডেস্ক>> একটি পুরোনো ছবি নতুন ঘটনার নামে ছড়িয়ে পড়ল, কিংবা কয়েক বছর আগের কোনো ভিডিওকে জুড়ে দেওয়া হলো সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়তে পারে সামাজিক যোগাযোগমাধ্যমে, তৈরি হতে পারে বিভ্রান্তি কিংবা উত্তেজনা। এমন পরিস্থিতি ঠেকাতে এবার ‘অনলাইনে’ মাঠে নামছে চট্টগ্রাম জেলা পুলিশ।
দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট, ছবি ও ভিডিওতে বিশেষ নজর রাখবে পুলিশের সাইবার মনিটরিং টিম। বিশেষ করে পুরোনো বা ভিন্ন ঘটনার ছবি-ভিডিও নতুন ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে কিংবা উত্তেজনা ছড়াতে পারে—এমন কনটেন্ট দ্রুত শনাক্ত করে যাচাই করা হবে।
মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক এক বিশেষ অনলাইন সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব নির্দেশ দেন।
গুজব শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এর সত্যতা যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে বলেন পুলিশ সুপার। প্রয়োজন হলে সঠিক তথ্য বা পাল্টা তথ্য প্রচারের মাধ্যমে মানুষের বিভ্রান্তি দূর করার উদ্যোগ নিতে হবে বলেও নির্দেশ দেন তিনি।
কোনো ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তির ব্যক্তির মাধ্যমে দ্রুত বাস্তব পরিস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই করা তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার মধ্যে সমন্বয় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিআইও-১, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকেও যাচাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

